পৃথিবীতে কেউ কেউ বেঁচে আছে আজও
দেয়ালে লাগানো সিনেমা পোস্টার দেখে।
সরষে খেতের আল ধরে হাঁটে আর ভাবে
ওপরে নিরেট নিভন্ত তারার কারখানা
আকাশ কোথাও নেই, তবু মনে মনে ভেবে
নেয় আছে, আকাশের নিচে বেঁচে আছে বলে ভাবে।
যেখানে তোমারা থাক সেখানেও কি
কাছে দূরে বেড়েছে জমির দাম
ফ্ল্যাটবাড়ি করে সেখানে লোকেরা থাকে
তাদের টেলিভিশনেও কি চলে অবিরাম যুদ্ধ
নীল চোখ শিশু, মুখ নেই, বুকে ক্ষত।
পৃথিবীতে ধানক্ষেত আছে নদীর মতো
তার আল ধরে গেলে পুরোনো সিনেমা হল
ফটকে তালা, দেয়ালে ফুটো থোকা থোকা
ভেতরের সাদা পর্দা কাফনের মতো ঝুলে আছে
সেখানেও দেখ যুদ্ধ চলে অবিরাম
নীল চোখ শিশু, মুখ নেই, বুকে ক্ষত
মৃত্যু দেখে লোকে আজকাল ক্রিকেট খেলার মতো।











