সরকারি চাকরিজীবীদের নতুন বেতন জুলাই থেকে ধাপে ধাপে

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নতুন অর্থবছরের শুরু থেকে ‘ধাপে ধাপে’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার ২০২৬২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, “সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতনভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। “আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।” খবর বিডিনিউজের।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২০ দিন আগে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন। বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ বরাদ্দ করে যাওয়ার কথাও বলেন তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের পর সামাজিক নিরাপত্তা খাতে প্রতিশ্রুতি বাস্তবায়ন, পশ্চিম এশিয়া যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রথম ধাপে ২০২৬২৭ অর্থবছর নতুন বেতন কাঠামোর মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। পরের অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। তৃতীয় বা সবশেষ ধাপে (২০২৮২৯ অর্থবছরে) মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকরমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা
পরবর্তী নিবন্ধ২০ বছরের মধ্যে দ্রুততম প্রথম গোল