মা কেন কাঁদে

নার্গিস জাহান | বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

কেন ধরেছিলে গর্ভে মাগো শিয়রে জেগেছো রাত?

অসময়ে যারা ছেড়ে চলে গেছে স্নেহের কাঙাল হাত।

কেন সয়েছিলে প্রসব বেদনা রক্তের নদী সেচে?

ওদের হাসিতে আপনার সুখ কেন দিয়েছিলে বেচে?

তাদের স্বপ্নে হেঁটে গেছো মাগো বন্ধুর পথ শত

কে দিত এমন নিঃস্বার্থ প্রেম বলো মা তোমার মতো?

দুয়ারে যখন সমন এসেছে আকাশের চিঠি হাতে

কার ছবি তুমি এঁকেছিলে বুকে লোনা জল মেশা তাতে?

কী পেলে বলোতো ক্লান্ত বিকেলে জীবনের সাঁঝ বেলা?

কৃতঘ্নতার সীমানা ছাড়িয়ে দিয়েছে চিতার জ্বালা।

পূর্ববর্তী নিবন্ধমানুষের প্রতি বৃক্ষ
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ : চট্টগ্রাম শহরে সকাল-সন্ধ্যা হাঁটার জায়গা