মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে মীরসরাইয়ে পাঁচটি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে উপজেলার মিঠাছড়া বাজার ও মীরসরাই কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের অভিযান পরিচালনা করেন। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক।
অপরাধের মাত্রা বিবেচনায় হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসি, নুরজাহান ফার্মেসি ও ভূঁইয়া ফার্মেসিকে পাঁচ হাজার টাকা করে এবং মিঠাছড়া ফাল্গুনী ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন মেনে চলার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানে মীরসরাই থানা পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা করেন।








