কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ–পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ১ নম্বর জুটলি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌ–পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার পরনে ছিল একটি গেঞ্জি ও থ্রি–কোয়ার্টার প্যান্ট। মরদেহের মুখমণ্ডলটি বিকৃত অবস্থায় ছিল।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, দুপুরে নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
নৌ–পুলিশ সদরঘাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পিবিআইয়ের ক্রাইম সিন টিম মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










