সমুদ্রে গাঁজা ফেলে পালানোর চেষ্টা, আটক ৩ কারবারি

টেকনাফে ৮ লাখ টাকার ২৭ কেজি গাঁজা জব্দ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৮ লাখ টাকার ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় গত রোববার বিকেল ৩টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে গাঁজা দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করে।

পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। এ সময় বস্তা দুটিতে থাকা ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান আনতে চায় সরকার
পরবর্তী নিবন্ধচাকরির কথা বলে রাশিয়ায় পাঠিয়ে পরে যুদ্ধক্ষেত্রে : ৩ এজেন্সির লাইসেন্স স্থগিত