চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টির আভাস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩৪ দিনের মধ্যে সারাদেশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূঁইয়া জানান, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদুৎচমকসহ হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে নগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ও পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধসিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ