এসএসসির ফল ২০ জুলাই

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে সেই নির্দেশনা আমরা দিয়েছি এবং পরের বছরে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু এনাউন্স করেছি।’ খবর বিডিনিউজের।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

এদিকে সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে নতুন চারটি বিষয় যুক্ত করার কথাও বলেছেন শিক্ষামন্ত্রী। এরমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এছাড়া নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ যুক্ত হতে পারে।

তিনি বলেন, ‘আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে এটাকে আমরা রিভাইজ করে এই ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালে গিয়ে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শিগগিরই শুরু হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা করছিলাম। সেই প্রোগ্রামটি এখনো শেষ করতে পারিনি। আমরা এমনভাবে করছি যে ভাইভায় যদি কেউ ফেল করে সেটাও ফেল। আমরা দুইটি পার্ট করে নিয়েছি। এআইয়ের সিস্টেমটা ডেভেলপ করতে পারলে এটা অত্যন্ত সুন্দর হবে। সেজন্য আমরা চেষ্টা করছি।’ মন্ত্রী বলেন, ‘দেখি আর কয়টা দিন চেষ্টা করে। যদি ফেইল হয় (এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার চেষ্টা), তাহলে গতানুগতিক পদ্ধতিতে ভাইভায় চলে যাব অতি শিগগিরই।’

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধএনসিটি পরিচালনায় তিন কোম্পানির একটি কনসোর্টিয়ামের আগ্রহ