চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ মাজার পয়েন্ট ব্রিজ এলাকায় সিএনজি টেক্সির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শুক্রবার মাগরিবের পর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হাশিমপুর ভাই খলিফা পাড়ার আবুল কাশেম লাতু (৮৫) মাগরিবের নামাজ শেষে মহাসড়ক পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কক্সবাজারমুখী একটি সিএনজি টেক্সি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সিএনজি টেক্সিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।











