কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ টন খনিজ কয়লাসহ ২টি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গত মঙ্গলবার নদীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কয়লা জব্দ করা হয়।
গতকাল বুধবার কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার ৩ টন খনিজ কয়লা ও চোরাচালানে ব্যবহৃত ২টি কাঠের নৌকা জব্দ করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











