বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় মো. মনির (২৬) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ জলদী দোসারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মনির ওই এলাকার মৃত মো. সেকান্দরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মনির দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত।
মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ওপর মানসিক নির্যাতন চালাতেন। তার আচরণে অতিষ্ঠ হয়ে স্ত্রীও সংসার ছেড়ে চলে গেছেন। এছাড়া নিজের বসতঘরে মাদকসেবীদের নিয়ে নিয়মিত ইয়াবার আসর বসাতেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালান বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
অভিযোগের সত্যতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি মনিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।












