পটিয়ার চাঁনখালী খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেকুরপুনি শাক্যমুনি বিহারের পেছনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে অর্জন দাশ জানান, সকালে মাছ ধরার জাল তুলতে গিয়ে খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান তিনি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।












