কে কাকে দিয়ে খুন করিয়েছিল সব জানি

বাংলাদেশে ‘বড় খুন’ প্রসঙ্গে মমতা

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে সংঘটিত বড় একটি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে ভারতের ক্ষমতাসীন বিজেপিকে সমালোচনার শূলে চড়িয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বলেছেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার।’

সরাসরি নাম না বললেও মমতার বক্তব্যে জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়। ২০২৫ সালের ডিসেম্বরে হাদিকে ঢাকার পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মারা যান।

মমতা বলেন, বাংলাদেশের এক বড় অপরাধীকে পশ্চিমবঙ্গের এসটিএফ গ্রেপ্তার করেছিল। সেই ঘটনাকে ঘিরে বাংলাদেশে তীব্র আন্দোলন হয়েছিল। তবে ‘অন্য দেশের বিষয়ে কথা বলার অধিকার নেই’ উল্লেখ করে বিস্তারিত বলতে চাননি সাবেক মুখ্যমন্ত্রী। খবর বাংলানিউজের।

তার বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। পরে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে তাকে ফোন করেছিলেন এবং ঘটনাটি প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন।

ওসমান হাদিকে গুলি করে হত্যার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে পালিয়ে যায়। তিন মাসের মাথায় দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তারের কথা জানায় সেখানকার পুলিশ। বাংলাদেশের গোয়েন্দা সূত্র আগে থেকেই বলে আসছিল, শুটার ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।

এতদিন পরে সে ঘটনা তুলে ধরে মমতা বলেন, এতদিন তো আমি বলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলেই বলছি। এখনো নাম বলছি না, ভদ্রতা করে। বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না।

হিন্দিতে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছিলেন, আপনি আপনার বেঙ্গল পুলিশকে বলুন, এই ঘটনা যেন বাইরে না আসে। এটা দেশের ব্যাপার।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর গতকাল বড় আন্দোলন কর্মসূচিতে অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি তার দল ভাঙার ষড়যন্ত্র করছে।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা তৈয়ব শাহ (রহ.) এর হুব্বে রাসুল (দ.) ও মানবকল্যাণের মিশন সর্বত্র ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধনগরীতে নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার