আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। চাঁদাবাজি, প্রতারণা ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক পশুর বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সিএমপি কমিশনার বলেন, কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা কিংবা অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দূর–দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাটসংশ্লিষ্ট যেকোনো প্রয়োজনে সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও অর্থ ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












