ভেসে যায় একা সে
ভাটির নরোম ঢেউয়ে, হেলে দুলে
পাতার দঙ্গল থেকে সাথিদের সাথে
উড়ে এসে পড়েছিল জলে
কেউ আগে ভেসে গেছে, কেউ বা ডাঙায়
কাতরায়
সে জানে না, কখন সে পৌঁছাবে অসীমে
নিরুদ্দেশে।
মাঝখানে থেমে যায়, কচুরিপানারা হাসে
মহিষের নাড়িভুঁড়ি ঠোকরায় ঝগরাটে কাক
কখনও বা ঘূর্ণিপাকে খাবি খেতে খেতে
মনে হয় যাত্রা শেষ কাদার গভীরে।
ঢেউয়ে দুলে জলযাত্রা সাগরসঙ্গমে
ঢের ভালো
অগ্নিপথে ভস্মময় কোলাহল থেকে।











