চকরিয়ার ঘনশ্যাম বাজারে কোরবানির পশু কিনতে গিয়ে মলম পার্টির খপ্পরে পড়েছেন এক ক্রেতা। এ সময় তাকে অজ্ঞান করে হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা। এ ঘটনার পর স্থানীয় লোকজন ওই ক্রেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চকরিয়া পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করায়। গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজারে এ ঘটনা ঘটে।
সংঘবদ্ধ মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানো ক্রেতা ছৈয়দ আলম খলিফা (৬০) চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়া ঘোনার খোন্দকার পাড়ার মরহুম জহির আহমদের ছেলে। তার ছেলে তোফাইদুল ইসলাম বলেন, আমার বাবাকে মলম পার্টির সদস্যরা অজ্ঞান করে পকেটে থাকা গরু ক্রয়ের ৮০ হাজার টাকা নিয়ে ফেলে। এ সময় বাবা ওই বাজারেই অজ্ঞান অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করায়। এখনো (শনিবার রাত) পর্যন্ত বাবা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জ্ঞান ফেরেনি।
এদিকে কোরবানির পশুর হাটে এ ঘটনার পর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোরবানির পশুর হাটগুলোতে মলম পার্টির তৎপরতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, কোরবানির পশুর হাটগুলোতে পুলিশ, র্যাবসহ আইনশৃক্সখলা বাহিনীর কঠোর তৎপরতা বজায় রয়েছে।










