বেখেয়ালে ছেলের নাকে নরসলের বদলে মায়ের চোখের ড্রপ

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রতিদিনের মতো সেদিনও মা ছেলের নাকে ড্রপ দিতে গেলেন। কিন্তু অজান্তেই নরসলের বদলে দিয়ে ফেললেন নিজের চোখের গ্লুকোমার ড্রপ কম্বিপ্রেস। এরপর শুরু হয় মাত্র ১৭ দিন বয়সী শিশুর জীবন বাঁচানোর লড়াই। এই কঠিন পরিস্থিতির কথা জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও নবজাতক বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ শাহীন। তিনি জানান, অভিভাবকদের সাথে কথা বলে জেনেছিড্রপ দেওয়ার সাথে সাথেই জুহাইর নিস্তেজ হয়ে যায়। শ্বাস ও হার্টবিট প্রায় অনুভব করা যাচ্ছিল না। সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটোছুটি করে মা। অবশেষে ছোট্ট শিশুটিকে আনা হয় আমাদের কাছে। নবজাতক বিভাগে সিপিআর, লাইফ সাপোর্ট, অ্যাড্রেনালিন, শিরায় ক্যাফেইন প্রয়োগসহ নানান চিকিৎসায় তিনদিন ধরে চলেছে জীবন বাঁচানোর যুদ্ধ। অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে গতকাল শনিবার (২৩ মে) মায়ের কোলে বাসায় ফিরেছে সে। খবর বাংলানিউজের।

ডা. মোহাম্মদ শাহীন বলেন, এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, আমাদের সবার জন্য বড় শিক্ষা। তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে শিশুকে কোনো ওষুধ দেওয়া যাবে না। চোখে কম দেখলে বা ভিশনের সমস্যা থাকলে শিশুর ওষুধ ব্যবহারে অন্যের সাহায্য নিতে হবে। অনেক ওষুধের বোতল দেখতে প্রায় একই রকম হয়, তাই ব্যবহারের আগে নাম ভালোভাবে পড়ে নিতে হবে। শিশুর নাক, চোখ বা মুখে ব্যবহৃত যেকোনো ড্রপ অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তিনি বলেন, অভিভাবকের একটু সচেতনতায় সুস্থ থাকতে পারে ছোট্ট ছোট্ট প্রাণগুলো। জুহাইর এর হাসি যেন সেই কথাটাই আবার মনে করিয়ে দেয়।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসি হাসপাতালের নিচ থেকে নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমিনায় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি, হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা