জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে গত বৃহস্পতিবার বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের অন্যতম নাট্যসংগঠন ‘থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম’ তাদের ৩৫তম প্রযোজনা নতুন নাটক স্থানাংক মঞ্চস্থ হয়।
বিশিষ্ট নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায় রচিত এ নাটকটির প্রথম মঞ্চায়ন উৎসর্গ করা হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যার্থে। নাটকটি নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। মানুষের অস্তিত্ব, পরিচয় ও অবস্থান নিয়ে এই নাটকটি তৈরি হয়েছে। এই নাটকের চরিত্রত্রয় নিজেদের পরিচয় ভূমিকা ও বাস্তবতা নিয়ে দ্বন্দ্বে ভোগে। তারা বুঝতে চেষ্টা করে আমি কে ? সমাজে আমার অবস্থান কোথায় ? আমি কি নিজের সিদ্ধান্তে চলছি নাকি অন্য কারো নিয়ন্ত্রণে চলছি ? নাটকে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ আছে। এই নাটক সরল কাহিনি ভিত্তিক নয়– তাই দর্শককে গভীর ভাবনায় ভাবিত করে। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক–শ্রোতার উপভোগ করা নাটকটিতে অভিনয় করেছেন মোঃ সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন মামুন এবং অনিন্দিতা শেখর চৈতি। প্রেস বিজ্ঞপ্তি।










