চবিতে র‌্যাগিং-বুলিংয়ে ‘জিরো টলারেন্স’

নবীনদের সঙ্গে অনুষ্ঠানেও লাগবে প্রক্টরের অনুমতি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও আবাসিক হলে সব ধরনের র‌্যাগিং ও বুলিং নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রক্টর অফিসের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাস ও আবাসিক হলে যেকোনো ধরনের র‌্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র‌্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কেউ র‌্যাগিং বা বুলিং করলে কিংবা কাউকে এ কাজে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিভাগীয় নবীন শিক্ষার্থীদের সঙ্গে অন্য বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণা মামলায় বিদিশার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
পরবর্তী নিবন্ধআদালতে দোষ স্বীকার করে সোহেলের জবানবন্দি