ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম গতকাল বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) বলেন, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী। রায়ের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে বিদিশা বিডিনিউজকে বলেন, মামলা সম্পর্কে আমি অবগত না। কিছু জানি না। মামলার বিষয়ে কোনো আইডিয়া নেই। তিনি বলেন, বাদীকে চিনি না। আমার বিরুদ্ধে মামলা হলে তো সমন পাব। কোনো সমন পাইনি।
সাতক্ষীরা–৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার দিকে অভিযোগের আঙুল তুলে বিদিশা বলেন, সে অনেক আগে থেকেই ষড়যন্ত্রে লিপ্ত। তার কর্মচারী দিয়ে মামলাটি করিয়ে গোপন রেখেছে। আর আমি ফ্ল্যাট বিক্রি করলে কেন বুঝিয়ে দেব না। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি বলেন, মামলার রায়ে সাজা হয়েছে। আমি আদালতে যাব জামিন নিতে।











