টিকার ঘাটতি নিয়ে সতর্ক করে ইউনূস সরকারকে অন্তত ৫ চিঠি ইউনিসেফের : প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টিকা ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। গতকাল বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, টিকার ঘাটতি নিয়ে মুহাম্মদ ইউনূস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঁচ থেকে ছয়টি চিঠি পাঠিয়েছেন তারা এবং বৈঠক হয়েছে অন্তত ১০টি। খবর বিডিনিউজের।

বাংলাদেশে টিকার আসন্ন ঘাটতির কথা তুলে ধরে জাতীয় নির্বাচনের দুদিন আগে ১০ ফেব্রুয়ারি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে যে চিঠিটি পাঠিয়েছিলেন রানা ফ্লাওয়ার্স, তা নিয়ে ইতোমধ্যে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এই চিঠি পাঠানো হলেও এমন চিঠি সেটিই প্রথম ছিল না বলে বুধবার দাবি করেছেন ইউনিসেফ প্রতিনিধি।

এ বিষয়ে এক প্রশ্নে রানা ফ্লাওয়ার্স বলেন, আমার সামনে হয়ত সবগুলো তারিখ এখন নেই এবং আমার ধারণা, সেটা তদন্তে বেরিয়ে আসবে। তবে আমি জানি ২০২৪ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ কি ছয়টি চিঠি পাঠিয়েছি। এই চিঠিটি গেছে এই আশায় যে, নতুন সরকারের যিনি ওই পদে আসবেন, তিনি যেন চিঠিটি তার ডেস্কে পেয়ে যান। এরপর আমরা জানতে চেয়েছি এবং বৈঠক করতে চেয়েছি। তার দাবি, টিকা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে অন্তত ১০টি বৈঠক হয়েছে তার। বলেছি, আমরা দুশ্চিন্তায় আছি। আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন, আমি চিন্তিত যে, আপনারা ঘাটতিতে পড়তে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধআলিফ হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমার্কিন পতাকার রঙে ঢাকায় ৫০ রিকশা, চালালেন রাষ্ট্রদূত