বঙ্গোপসাগরে মৎস্য আহরণে ৫৮ দিন নিষেধাজ্ঞা থাকলেও এ সময়ে আইন অমান্য করে মৎস্য আহরণ ও বরফ পরিবহণের অপরাধে জরিমানা করা হয়। গত রোববার রাতে বঙ্গোপসাগরের বাঁশখালীর উপকুলীয় খাটখালী এস আলম জেটি সংলগ্ন মোহনায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।এ সময় বঙ্গোপসাগরের উপকূলে বাঁশখালী মোহনায় এফ বি রিয়াদ নামক ১টি নৌযান মৎস্য আহরণরত অবস্থায় আটক করা হয়। এ সময় এ নৌযান হতে ১.৫ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ ভ্যাট ও ট্যাক্স সহ ১ লক্ষ ৫ হাজার টাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে নিলামে বিক্রি করা হয় এবং নৌযানের মালিককে সমপরিমাণ ১লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই রাতে পৃথক অভিযানে খাটখালী এস আলম জেটি সংলগ্ন মোহনায় এফ বি আল্লাহর দান নামে ১টি নৌযান মাছবিহীন বরফ পরিবহণরত অবস্থায় আটক করা হয়৷ এ নৌযান থেকে ২০০ পিস বরফ জব্দ করা হয়। জব্দকৃত বরফসমূহ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। মুচলেকায় নৌযান দুটিকে মালিকের জিম্মায় দিয়ে দেয়া হয়। অভিযানে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, বাংলাদেশ কোস্টগার্ড, পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্টের সিসি মো. আবদুর রশীদসহ দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












