বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মাদকাসক্ত ১ যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার পরিচালিত অভিযানে দণ্ডিত যুবকের নাম মো. জমীর উদ্দিন (২৩)। তিনি ওই এলাকার নুরুল আলমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে জমীর উদ্দিন পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিযোগ রয়েছে, টাকা না পেলে ঘরের আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি বাবা–মায়ের ওপরও শারীরিক নির্যাতন চালাতেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জমীর উদ্দিনের বাবা নুরুল আলম ছেলের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে।এদিকে জিজ্ঞাসাবাদে জমীর উদ্দিন জানান, সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর করোনাকালে স্কুল ছেড়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। পরে কাজের সূত্রে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েন।













