ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চতুর্থ দিনের অর্থাৎ ২৬ মে’র পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় গতকাল দুপুর ২টায়। টিকিট বিক্রির প্রথম এক ঘণ্টায় ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটির মতো হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এর আগে সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের মধ্যে যাত্রীদের চাহিদার শীর্ষে ছিল পর্যটন নগরী কঙবাজার ও সিলেটগামী ট্রেনের।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রেল ভবনের পরিবহন বিভাগের এক শীর্ষ কর্মকর্তা গতকাল রাতে আজাদীকে জানান, ট্রেনের ঈদযাত্রার চতুর্থ দিনের অর্থাৎ ২৬ মে’র পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় শনিবার দুপুর ২টায়। এর আগে সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি।
পূর্বাঞ্চলের টিকিট বিক্রির প্রথম ৩০–৪৫ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৭০–৮০ লাখের মতো হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। ওই সময়ের মধ্যে প্রায় সব টিকিটই শেষ হয়ে যায়। ১ ঘণ্টার মধ্যে সকল ট্রেনের টিকিট শূন্য দেখা যায়। তখন ওয়েবসাইট ও অ্যাপে প্রায় প্রায় ১ কোটির কাছাকাছি হিট করেছেন টিকিট প্রত্যাশীরা।
রেলওয়ের অনলাইনে টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান সহজডটকমের এক কর্মকর্তা জানান, আগামী ২৬ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি দুপুর ২টায় শুরু হলে ৩০ মিনিটের মধ্যে প্রায় শেষ হয়ে যায়। ১ ঘণ্টার মধ্যে সকল ট্রেনের টিকিট শূন্য দেখায়। এসময় প্রায় ১ কোটির কাছাকাছি ওয়েবসাইট ও অ্যাপে হিট করেছেন টিকিট প্রত্যাশীরা।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের এক কর্মকর্তা গতকাল আজাদীকে জানান, আগামী ২৬ মে পূর্বাঞ্চলে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ১৬ হাজার ২৪৫টি। ঢাকা বিভাগসহ মিলে পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের আসন সংখ্যা ৩২ থেকে ৩৫ হাজারের উপরে। আর পশ্চিমাঞ্চলের চলাচলরত ট্রেনগুলোর আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ২৬৬টি।
চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে যাত্রীদের মাঝে দেয়া হবে ২৭ মে’র টিকিট।
রেল ভবনের পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানান, যাত্রীদের সুবিধার্থে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ট্রেনের শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।













