বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের চলাচলের ব্যবস্থা করা হবে : জুবাইদা

কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প উদ্বোধন

| শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

দেশে বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনা ভাড়ায় চলাচলের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি বলেছেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়। এসব মানুষের দেশের সব জায়গায় প্রবেশ ও তাদের মর্যাদা বজায় রাখতে হবে। রাজধানীর কড়াইল বস্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর বিডিনিউজের।

অনুষ্ঠানের প্রধান অতিথি জুবাইদা রহমান বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যত। কোনো প্রতিবন্ধকতাই যেন শিশুদের যোগ্য নাগরিক হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সেই জন্য শিশু স্বর্গ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের সাপোর্টিভ গ্রুপ তৈরি করবে। বর্তমানে বিজ্ঞানের সহায়তায় নির্দিষ্ট সময়ে চিকিৎসা দিয়ে বিশেষ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করা সম্ভব। আত্মবিশ্বাসই বিষণ্ন অন্ধকার থেকে মা ও শিশুদের উজ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, স্বাস্থ্য শুধু সেবা বিষয় নয়। এটা মানবাধিকার। দেশের বিশেষ চাহিদাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বর্তমান সরকারের যে অঙ্গীকার, সেটি পূরণ করতেই আজকের এই (শিশু স্বর্গ) প্রকল্প। এই প্রকল্প আজ থেকে ১০টি জায়গায় চালু হল। আগামী এক বছরের মধ্যে আরো ৫০টি উপজেলায় চালু হবে। পরবর্তী তিন বছরের মধ্যে দেশের সব জায়গায় চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০ বছর ধরে আমরা নানা গবেষণার মাধ্যমে আমরা একটি মডেল তৈরি করেছি। শুরুতেই প্রতিবন্ধী শিশুদের খুঁজে বের করার জন্য একটি স্বেচ্ছাসেবী টিম থাকবে। কারণ আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে, অল্প বয়সেই প্রতিবন্ধকতা চিহ্নিত করা গেলে সেটি চিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থ করা সম্ভব হয়। আমাদের দেশের প্রায় ১৫ শতাংশ মানুষ বিভিন্ন প্রতিবন্ধীতায় আক্রান্ত। কিন্তু দেশের সব জায়গায় তাদের সেবা দেওয়ার মতো ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। এসব নিয়ে আমরা কাজ করছি। এমনকি তাদের চিকিৎসা সেভাবে দেওয়ার মতো, যে ধরনের জনবল প্রয়োজন সেটিও নাই। আমরা সব বিষয় নিয়েই এই প্রকল্পে কাজ করছি।

পূর্ববর্তী নিবন্ধকলকাতা হাই কোর্টে মমতাকে ঘিরে বিক্ষোভ, গালাগাল
পরবর্তী নিবন্ধবিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ