বিশিষ্ট প্রকৌশলী ও চটগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান এএএম জিয়া হোসাইন (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাতকানিয়ার দক্ষিণ রামপুরে জন্মগ্রহণ করা এই গুণীজন ১৯৫৭ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিডিএ-র চেয়ারম্যান ও বেপজা-র সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন কোরিয়ান ইপিজেড (KEPZ) প্রকল্পের স্বপ্নদ্রষ্টা এবং এর চিফ অ্যাডভাইজার।
নগর পরিকল্পনা ও শিল্প উন্নয়নে বিশেষ অবদানের পাশাপাশি তিনি লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট গভর্নর ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘আলোকিত গুণীজন সাতকানিয়া-লোহাগাড়া প্রকাশনা পরিষদ’। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।













