বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাহিদ রানার অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

পাকিস্তানের শেষ ব্যাটার শাহিন শাহ আফ্রিদিকে বাউন্সারে আউট করে দিয়েছেন। বাংলাদেশ জিতে গেছে প্রথম টেস্ট। ম্যাচ জয়ের তাৎক্ষণিক উল্লাসের কিছু পরেই নাহিদ রানার খেয়াল হলো নিজের ৫ উইকেটও হয়ে গেছে। সতীর্থদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে সেজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশের তরুণ পেস সেনসেশন তখনো হয়তো জানেনও না, তার নাম খোদাই হয়ে গেছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে। ৫ উইকেট তিনি আগেই নিয়েছেন। বাংলাদেশের অন্য পেসাররাও নিয়েছেন। কিন্তু একটি জায়গায় তিনিই প্রথম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছরের পথচলায় এই প্রথমবার চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিতে পারলেন কোনো পেসার। এমনিতেই চতুর্থ ইনিংসে বোলিংয়ের সুযোগ খুব বেশি পায় না বাংলাদেশের বোলাররা। দেশের মাঠে উইকেট সাধারণত যেমন ছিল বছরের পর বছর, পেসারদের ভূমিকা সেখানে ছিল একদমই সীমাবদ্ধ। এবার মিরপুরের উইকেটে প্রাণ ছিল পাঁচ দিন ধরেই। সেখানেই অনন্য কীর্তি গড়লেন নাহিদ। শেষ সেশন শুরুর সময়ও তো বটেই, সেশনের প্রথম ঘণ্টা শেষেও তার উইকেট ছিল মোটে একটি। এরপর আগুনে এক স্পেলে পাকিস্তানি ব্যাটিং পুড়িয়ে তিনি নাম লেখান রেকর্ড বইয়ে। তার সেই স্পেল ছিল ৪.১০৪। সব মিলিয়ে ৪০ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং। চতুর্থ ইনিংসে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল এতদিন তাসকিন আহমেদের। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরেই ৪ উইকেট নিয়েছিলেন তিনি ৩৭ রানে। তাসকিনই ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানে নিয়েছিলেন ৪ উইকেট। পেস বোলিংয়ে চতুর্থ ইনিংসে ৪ উইকেট শিকারের নজির আর আছে একটিই। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই হারারেতে ৬৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন জিয়াউর রহমান। নাহিদের এই ৫ উইকেটে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক অপেক্ষারও অবসান হলো। ১৬ বছরের বেশি সময় পর দেশের মাঠে ৫ উইকেট নিতে পারলেন কোনো পেসার। সবশেষ ২০১০ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ৭১ রানে ৫ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। নাহিদের আগে দেশের মাঠে ৫ উইকেট শিকারি একমাত্র পেসার ছিলেন শাহাদাতই। ভারতের বিপক্ষে ওই ইনিংস ছাড়াও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ৬ উইকেট নিয়েছিলেন তিনি ২৭ রানে, ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৮৬ রানে।

পূর্ববর্তী নিবন্ধনাহিদের প্রশংসায় শান মাসুদ আক্ষেপ পাকিস্তানের ব্যাটিং নিয়ে
পরবর্তী নিবন্ধম্যাচ জিততে পুরো দলই ছিল আক্রমণাত্মক মানসিকতায় : শান্ত