নাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে

| মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

গুরুতর অসুস্থ নাট্যজন আতাউর রহমান বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। খবর বিডিনিউজের।

সেখানকার চিকিৎসকেরা জানান, তার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরশু তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। আবার অবস্থার অবনতি হলে গতকাল রোববার পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত সোমবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি জানান, তার আব্বার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি সবার কাছে তার আব্বার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক।

পূর্ববর্তী নিবন্ধআশার আলো দেখছেন ব্যাটিং কোচ আশরাফুল
পরবর্তী নিবন্ধঈদে ফের অপূর্ব নিহা জুটি