যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাই আমি একলা চলতে শিখেছি। আমার বিরহে, আমার একাকীত্বে, আমার নিঃসঙ্গ দিনে, আমি রবীন্দ্রনাথের গানের কাছে কবিতার কাছে আশ্রয় খুঁজি। জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথের গান কবিতাগুলো আমাকে আশ্রয় আর প্রশ্রয় দেয়, জীবনবোধ শেখায়, জীবনকে চিনতে শেখায় ভালোবাসতে সেখায়। আমাকে প্রাণভরে নিশ্বাস নিতে সাহায্য করে।
গতকাল ৮ মে চিরদিনের সখা অনুষ্ঠানের আড্ডায় শিল্পীরা এভাবেই প্রকাশ করেছিলেন তাদের মনের ভাবনা রবীন্দ্রনাথকে নিয়ে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা গত ৮ মে জামালখান খাতাখড়ি বই বিপনী মিলনায়তনে চিরদিনের সখা শীর্ষক অনুষ্ঠানে কবিতা, আড্ডা ও গানে শিল্পীরা রবীন্দ্রনাথকে স্মরণ করে জন্মবার্ষিকী উদযাপন করে।
এতে একক আবৃত্তি পরিবেশ করেন ত্রিতরঙ্গের রাশেদ খান মেনন, লাবণ্য মুৎসুদ্দি, সানজিদা আকতার, শেলী বড়ুয়া, জুহি সেন গুপ্তা, আফরোজা চৌধুরী মুক্তা, সুজয় দে। আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন রাশেদ হাসান, হাসান জাহাঙ্গীর, সেলিম রেজা সাগর, সূবর্ণা চৌধুরী, সাইফুর রহমান, রুনা চৌধুরী, সাবিহা আকতার, পুস্পা সর্ব্ববিদ্যা, নিগার খন্দকার, অজন্তা ভট্টাচার্য বর্ষা। সংগীত পরিবেশনায় ছিলেন পূর্বাশা বড়ুয়া,অন্ন দাশ বৃষ্টি,পূর্ণিতা দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র।














