নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিন গতকাল বুধবার অতিবাহিত হয়েছে। এদিন ফুটবল ও ক্রিকেট ইভেন্টে বালক ও বালিকাদের কোয়ার্টার ফাইনাল পর্ব সম্পন্ন হয়। ফুটবল ইভেন্টের বালক বিভাগে কোয়ার্টার ফাইনালে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হাটহাজারী, সীতাকুন্ড, আনোয়ারা ও কর্ণফুলী। অন্যদিকে বালিকা বিভাগের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে পাহাড়তলী, রাউজান, ফটিকছড়ি ও পটিয়া। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের কোয়ার্টার ফাইনাল ফুটবল ম্যাচে বালক বিভাগে হাটহাজারী ১–০ গোলে বোয়ালখালীকে, সীতাকুণ্ড ৪–১ গোলে সাতকানিয়াকে ও আনোয়ারা টাইব্রেকারে ৪–১ গোলে লোহাগাড়াকে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করে। এর পূর্বে প্রথম দল হিসেবে সেমিফাইনাল উঠে কর্ণফুলী শিক্ষা থানা। বালিকা বিভাগে ফুটবলের কোয়ার্টার ফাইনালে রাউজান টাইব্রেকারে ২–০ গোলে লোহাগাড়াকে, ফটিকছড়ি ১–০ গোলে সীতাকুন্ডকে এবং পটিয়া ২–০ গোলে বোয়ালখালীকে পারজিত করে। এর এর পূর্বে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে পাহাড়তলী শিক্ষা থানা। সাগরিকা মহিলা কমপ্লেক্স ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রিকেট ইভেন্টে বালক বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়েজিদ শিক্ষা থানা, বাঁশখালী, আনোয়ারা ও কর্ণফুলী শিক্ষা থানা। কোয়ার্টার ফাইনাল খেলায় বায়েজিদ শিক্ষা থানা ৮ উইকেটে হারায় কোতোয়ালী শিক্ষা থানাকে, স্কোর: বায়েজিদ–১১০,কোতোয়ালী ১০৯। কর্ণফুলী শিক্ষা থানা ১০ উইকেটে হারায় সীতাকুন্ডকে, স্কোর: কর্ণফুলী ২৫,সীতাকুন্ড ১৯। আনোয়ারা ৮ উইকেটে হারায় পাহাড়তলীকে, স্কোর: আনোয়ারা ৬৭,পাহাড়তলী ৬৬। বাঁশখালী ৫৮ রানে হারায় সন্দ্বীপকে। স্কোর : বাঁশখালী ১২৭,সন্দ্বীপ ৬৯। অন্যদিকে বালিকা বিভাগে সেমিফাইনালে উঠেছে আনোয়ারা, সীতাকুণ্ড, বোয়ালখালী ও বাঁশখালী।
কোয়ার্টার ফাইনাল খেলায় আনোয়ারা ৮ রানে পাহাড়তলী শিক্ষা থানাকে পরাজিত করে, স্কোর: আনোয়ারা ৭০,পাহাড়তলী ৬২। সীতাকুন্ড ৩ উইকেটে পটিয়াকে হারায়, স্কোর: সীতাকুন্ড ৬০,পটিয়া ৫৯। বোয়ালখালী ৫৯ রানে মীরসরাইকে পরাজিত করে। স্কোর: বোয়ালখালী ৮৮,মীরসরাই ২৯। ৪র্থ দল হিসাবে বাঁশখালী ওয়াকওভার লাভ করে সেমিফাইনালে উঠে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ও সাগরিকা মহিলা কমপ্লেক্সে ক্রিকেট ইভেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আজ বৃহস্পতিবার ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতাও শুরু হবে। ৭ ও ৮ মে দুই দিনব্যাপী ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতা চলবে। চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন ইভেন্ট ও সিজেকেএস সুইমিং পুলে সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হবে।













