নগরের বন্দরের ধোপপাড়া এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫ এর বিচারক এসএম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, আবদুস সবুর।
রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি আকবর আলী জানান, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০১০ সালের ১৯ এপ্রিল নগরীর বন্দর থানাধীন ধোপপাড়া বেড়িবাঁধ সংলগ্ন সাগরের পাড় থেকে ভিকটিম জবা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী জবা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের সাগর পাড়ে ফেলে রাখা হয়। আদালতসূত্র আরো জানায়, পরবর্তীতে আদালত স্ত্রীকে খুনের অভিযোগে আসামি আবদুস সবুরের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।













