আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনো আমরা বলছি–আমরা চাই, চেষ্টা করব এক বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। জেলা প্রশাসকদের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি তা হল– স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সামগ্রিকভাবে শক্তিশালী হবে এবং সাথে সাথে রাষ্ট্র শক্তিশালী হবে। আমরা সেই কথাটাই তাদের সামনে বলার চেষ্টা করেছি। খবর বিডিনিউজের।
সরকারের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের সাথে পরামর্শ নিয়ে, স্থানীয় সরকারের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই তাদেরকে কাজ করতে হবে। কারণ জনগণই হচ্ছে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করেন।
মির্জা ফখরুল বলেন, এই সম্মেলনে যারা উপস্থিত ছিলেন আমরা মনে করি যে, এই ডিসি সম্মেলন যে প্রত্যেক বছর হয়, এটা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের একদম জেলা পর্যায়ের যারা কর্মকর্তা তাদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে সেটা যেন আরও বাড়ে বা বাড়ানো যায়, সেটাও আমরা বলেছি।
স্থানীয় পর্যায়ে অবকাঠামোগুলোর উন্নয়ন নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আমরা স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা বলছেন স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ নয় কিন্তু। স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে, স্থানীয় সরকারের আপনার পানি সরবরাহ আছে, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে; একই সঙ্গে আপনার প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারও কিন্তু স্থানীয় সরকারের রয়েছে।
মন্ত্রী বলেন, আমরা সামগ্রিকভাবে যেটা দেখেছি যে গত দুই বছর না, গত ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যে কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করব এবং একই সঙ্গে সেগুলো যেন ভবিষ্যতে না ঘটে সেটা আমরা দেখব। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সময় উপস্থিত ছিলেন।














