সাতকানিয়ায় গরলা খাল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গরলা খাল থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবুল কালাম (৫০)। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের পশ্চিম পাশে গরলা খালের এমবিএল ইটভাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিকশাচালক আবুল কালাম কালিয়াইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলাবাদ পিয়াদার পাড়ার হামিদ বকসুর ছেলে।

নিহতের বড় ভাই আবুল কাশেম বলেন, আমার ভাই কালাম একজন রিকশাচালক। গত সোমবার সকালে সে রিকশা নিয়ে বেরিয়ে যায়। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। ফলে রাত থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে, গতকাল দুপুরে দিকে পাঠানিপুলের পশ্চিম পাশে এমবিএল ইটভাটার পাশে একটি রিকশা পড়ে থাকার বিষয়টি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি। পরে সেখানে গিয়ে রিকশাটি যে আমার ভাইের সেটা নিশ্চিত হই। এরপর আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে গরলা খালে আমার ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মন্‌জুরুল হক জানান, গরলা খাল থেকে আবুল কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরো জানান, লাশের শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরীতে ফটিকছড়ির দুই মাদক কারবারি গ্রেপ্তার, ১৭৫ গ্রাম আইস উদ্ধার