নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে পেস বিভাগে দারুণ উন্নতি করেছেন তিন ফাস্ট বোলার, যা দলের সামপ্রতিক পারফরম্যান্সেরই প্রতিফলন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে জয়ের পেছনে বড় অবদান ছিল শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। ফলে বোলারদের র্যাংকিংয়েও চোখে পড়ার মতো উন্নতি হয়েছে এই তিন পেসারের। সবচেয়ে এগিয়েছেন শরিফুল ইসলাম, ১১ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। মোস্তাফিজ উন্নতি করেছেন ১৪ ধাপ, বর্তমানে তার অবস্থান ৪১তম। সিরিজসেরা পারফরম্যান্স করা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন সেরা ৫০–এর মধ্যে, এখন তিনি আছেন ৪৮ নম্বরে। এই সিরিজে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়েও এগিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে।
অন্যদিকে লিটন দাস ১৫ ধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন ৬৫ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায়ও সাফল্য পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান ও ২ উইকেট নেওয়ার সুবাদে এই বিভাগে যৌথভাবে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। এদিকে টি–টোয়েন্টি র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় এখন ৩৯ নম্বরে। পারভেজ হোসেন ইমন তিন ধাপ এগিয়ে ৪০ নম্বরে জায়গা করে নিয়েছেন। বোলারদের তালিকায় মেহেদী হাসান তিন ধাপ উন্নতি করে এখন আছেন ১৮ নম্বরে।














