চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকানের সঙ্গে উপাচার্য দপ্তরে গত মঙ্গলবার সাক্ষাৎ করেছেন ওয়াহিও স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল রিসোর্স ইকোনমিকস অ্যান্ড পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইয়েদ আর মাহমুদ। ড. মাহমুদ ফুলব্রাইট ফেলো হিসেবে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স তাঁর চারমাসের অবস্থান শেষে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়া উপলক্ষে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক এবং চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃদ্ধি এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সমপ্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। এসময় উপাচার্য অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে ড. মাহমুদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত করে যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আগত অতিথি উপাচার্যের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের এলামনাই হিসেবে এর সার্বিক অগ্রগতিতে সংযুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য এসময় ড. মাহমুদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।













