চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু আইসিইউতে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে কর্তব্যরত চিকিৎসকদের ওপর রোগীর স্বজনেরা হামলা করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার প্রেক্ষিতে গতকাল বেলা ১১ টার দিকে শিশুস্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক ও শিক্ষক সমিতির নেতাদের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরবর্তীতে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের যথাযথ নিরাপত্তা প্রধানের আশ্বাস দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাত অনুমানিক ৯ টা ৪৫ মিনিটে রোগীর বাবা এমএ তাহের এবং মামা হেলাল উদ্দিন সহ কিছু লোক কর্তব্যরত সন্তানসম্ভবা চিকিৎসক ডা. দীপাঞ্জনা দাশ এবং ডা.সাবা দেবীর উপর রড দিয়ে অতর্কিত হামলা করে। এতে চিকিৎসকগণ গুরুতরভাবে আহত হন। এই অবস্থায় অন্যান্য সহকর্মীরা তাকে রক্ষায় এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয় এবং এতে ডা. আদিত্য সেন, ডা.অমিত দাশ, ডা. ইন্দ্রজিৎ ঘোষ ডা. ইমতিয়াজ সোবহান আহত হন। খবর পেয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনা জেনে পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক পরিচালক (মেডিকেল আ্যফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম ও উপপরিচালক ডা. আবু সৈয়দ চৌধুরী হাসপাতালে এসে চিকিৎসকদের যথাযথ চিকিৎসার ব্যাবস্থা করেন এবং নিরাপত্তার আশ্বাস প্রদান করেন।













