কর্ণফুলীতে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার প্রজেক্টরসহ মালামাল

স্কুলে দুঃসাহসিক চুরি

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনায় জড়িত চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনজুলধা ৪ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির সাগর (২৮), বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের শফিউল আলম (২২), ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা বর্তমানে ডবলমুরিংয়ে বসবাসরত নিজাম উদ্দিন হায়দার চৌধুরী (৫৪) এবং ফেনীর কাজীরবাগ এলাকার বাসিন্দা বর্তমানে ডবলমুরিংয়ে বসবাসরত কাজী আবুল কালাম (৪৫)। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল রাতে পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মালামাল, যার মধ্যে দুটি প্রজেক্টর (মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা), চুরি করা হয়। ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিংকু শ্রী দাশ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে এবং চুরিকৃত মালামাল উদ্ধার করে। কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিশরের পিরামিড ও জ্যোতির্বিজ্ঞান
পরবর্তী নিবন্ধসিআরবি শিরীষতলা চত্বরে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল