বিদ্রোহ দমনে মোতায়েন করা সেনা প্রত্যাহারের দাবিতে ইন্দোনেশিয়ার পাপুয়ায় ডাকা বিক্ষোভ চলাকালে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকরা। সোমবারের এ বিক্ষোভে ওই অঞ্চলের কয়েকশ বাসিন্দা অংশ নেন বলে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
চলতি মাসের শুরুতে ওই অঞ্চলে হওয়া এক সামরিক অভিযানে নারী–শিশুসহ ১৫ জন নিহত হয় বলে অভিযোগ উঠেছে। পাপুয়ায় সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ওই অভিযান হয়েছিল। ছয় দশকেরও বেশি সময় ডাচ ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার পর ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া এক ভোটে পাপুয়া ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে যায়। তখন থেকেই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চলটির স্বাধীনতা চাইছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা। ইন্দোনেশিয়ার মানবাধিকার ওয়াচডগ গত সপ্তাহে সেনা অভিযানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং সরকারকে ওই অঞ্চলে অভিযানের সিদ্ধান্ত পর্যালোচনার আহ্বান জানায়।
সামরিক বাহিনী এখন পর্যন্ত তাদের অভিযানে নারী–শিশু হতাহতের বিষয়টি স্বীকার করে নেয়নি। সোমবার প্রায় ৮০০ বিক্ষোভকারী পাপুয়ার রাজধানী জয়াপুরার তিনটি স্থানে সমাবেশ শেষে শহরের কেন্দ্রস্থলে জড়ো হন, বলেছেন পাপুয়া প্রাদেশিক পুলিশের মুখপাত্র কাহইয়ো সুকার্নিতো।













