যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল সোমবার সচিবালয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাতে এই আশা প্রকাশ করেন তিনি।
তাদের আলোচনার বিষয় তুলে ধরে সরকারের এক তথ্য বিরবণীতে বলা হয়েছে, তথ্যমন্ত্রী সমপ্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন। এই প্রেক্ষিতে দূতাবাসের প্রতিনিধি দল হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন। খবর বিডিনিউজের।
তথ্যমন্ত্রী স্বপন এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সাক্ষাতে ‘পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি’ নিয়ে আলোচনা হওয়ার কথা বলা হয়েছে তথ্য বিবরণীতে। বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি। তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্লাটফর্মকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। এক্ষেত্রে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। এসময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের কথা বলেন তথ্যমন্ত্রী স্বপন।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে, যার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে।













