কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপে ভেঙে গেল যাত্রীর চার দাঁত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপে দুই যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে।

গত সোমবার দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা একটি পাথর ছুড়ে মারে। আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদের (২৫) চারটি দাঁত ভেঙে গেছে। অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পেয়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে আসে। আহত দুই যাত্রী ননএসি কোচের (ঢ বগি) ৩৫৩৬ নম্বর আসনে বসা ছিলেন। চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে একটি পাথর ছুড়ে মারা হয়।

এতে তারা আহত হন। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, আমরা খবর পেয়ে সেখানে নিরাপত্তা জোরদার করি। যাত্রীদের নিরাপত্তায় কালকে থেকে আমাদের অতিরিক্ত ফোর্স মাঠে থাকবে।

একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম বলেন, তারা ১৮২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এ ঘটনা ঘটে। হিমেলের চারটি দাঁত ভেঙে যায় এবং নিচের ঠোঁটের ভেতরের অংশ ফেটে যায়। এতে কয়েকটি সেলাই লাগতে পারে। আরেক যাত্রী ঘাড়ে গুরুতর আঘাত পান।

রেলে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। গত এক বছরে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলরত ট্রেনগুলোতে অন্তত ১৪৫ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। এ ছাড়া ট্রেনের দরজা ও জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কক্সবাজার রুটে। এই রুটে গত এক বছরে অন্তত ৩৮টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি, ডেঙ্গু বাড়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধপ্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে