‘শারীরিক উৎকর্ষতা আর হৃদ্যতার অপূর্ব বন্ধন স্পোর্টস কার্নিভাল’

ক্লাব কলেজিয়েটের উৎসবমুখর আয়োজনে এম এ মালেক

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার পর ক্লাব কলেজিয়েট চিটাগং প্রথমবারের মতো আয়োজন করেছে ‘ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভাল’। গতকাল বিকেল চারটায় এই কার্নিভাল উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক, চট্টগ্রাম কলেজিয়েটসএর সভাপতি ও ক্লাবের সিনিয়র মেম্বার এম এ মালেক। নগরীর অক্সিজেন স্পোর্টস জোনে অনুষ্ঠিত ‘ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভাল’এর চারটি ইভেন্টে বিপুল সংখ্যক মেম্বার অংশ নেন। কার্নিভালের উদ্বোধন করে আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, এধরনের আয়োজন শারীরিক উৎকর্ষতা ও চিত্ত বিনোদনের পাশাপাশি ক্লাব সদস্যদের মধ্যে পারস্পারিক বন্ধনকে দৃঢ় করবে নিঃসন্দেহে। এককথায় হৃদ্যতার অপূর্ব বন্ধন এই স্পোর্টস কার্নিভাল। তিনি নিয়মিতভাবে কার্নিভাল আয়োজনের পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব চেয়ারম্যান প্রফেসর মোহীত উল আলম, কার্নিভাল কমিটির আহ্বায়ক আ ন ম ওয়াহিদ দুলালসহ ক্লাব কর্মকর্তারা।

এবারের কার্নিভালে ফুটসাল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং দাবা মোট চারটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুটসালে অংশ নিয়েছে ২ দলে ৩০ জন, ব্যাডমিন্টনে ৬ দলে ১২ জন, টেবিল টেনিসে ৮ দলে ১৬ জন ও দাবায় ৮ জন খেলোয়াড়। ফুটসালে কলেজিয়েট সাদা দলকে ৩০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলেজিয়েট ব্লু। ৯২ ব্যাচের কলেজিয়েটদের নিয়ে গড়া ব্লু দলের পারফরমেন্স উপস্থিত দর্শকের মুগ্ধ করে। ব্যাডমিন্টন ডাবলসে চ্যাম্পিয়ন হন মফিজ আহমদ ও ক্যাপ্টেন আহমেদ রিজওয়ান শামসি জুটি।

রানার আপ হন আশিক মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ শাহে আরেফিন জুটি। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার ফজলে বারী খান সাজ্জাদ ও রানার আপ মোহাম্মদ শাহাদাত হোসেন ফেরদৌস। দাবায় চ্যাম্পিয়ন হন মো. রফিকুল ইসলাম ও রানার আপ মোহাম্মদ আসিফুল হক চৌধুরী। স্পোর্টস কার্নিভাল স্পনসর করেন ইস্পাহানি গ্রুপ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে : মুশতাক
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো বাপ্পা-রুনার কণ্ঠে আসছে বাংলা গজল