হাটহাজারীতে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরে আধুনিকায়নের লক্ষ্যে পরিলিখি প্ল্যাটফর্ম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমিয়ে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় পাইলট প্রকল্পটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নিকট উপস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানে বি–ট্র্যাক সলিউশনস লিমিটেড ‘পরিলিখি’ প্ল্যাটফর্মটি উপস্থাপন করে, যেখানে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট, অ্যাপ–ভিত্তিক শিক্ষক তদারকি, ডিজিটাল শিক্ষা উপকরণ, নিরাপত্তা নজরদারি এবং পোস্টার প্রিন্টিং স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। সম্পূর্ণ সমাধানটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং স্থানীয়ভাবে হোস্ট করা হয়েছে। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ ভিশনের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। পাইলট সফল হলে তা পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিদ্যালয়ে সম্প্রসারণ করা হবে। পরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।













