মোটরসাইকেলে তেল নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আশেক এলাহী ইমন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নিহত আশেক এলাহী বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ৩ নম্বর ওয়ার্ডের হাসিয়া পাড়া এলাকার মৃত মাস্টার মহিউদ্দীনের একমাত্র ছেলে। তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার এক সন্তান রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছুটির দিনে বাড়িতে আসা ইমন মোটরসাইকেল নিয়ে পেকুয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার দুপুরে ফুফাতো ভাইকে সাথে নিয়ে মোটরসাইকেলে তেল নিতে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পেকুয়ার সালাউদ্দিন সেতু এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় ইমন ও তার ফুফাতো ভাইকে উদ্ধার করে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে সেখানে ইমনের মৃত্যু হয়। তার ফুফাতো ভাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুঁইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শওকত ওসমান জানান, গতকাল রাত ৯টায় স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইমনের দাফন সম্পন্ন হয়েছে। ইমনের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












