টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ১০:১০ অপরাহ্ণ

টেকনাফ কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামে এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াসিন ওই এলাকার বাসিন্দা। শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইয়াসিনকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মানবপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধবায়েজিদে ইয়াবাসহ নারী গ্রেপ্তার