আইআইইউসি’র সার্বিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১১০তম সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বহদ্দারহাটস্থ আইআইইউসি ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন বিওটি সদস্য আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। এছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আহছানুল্লাহ, প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ, প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, অ্যাডভোকেট শামছুদ্দীন আহমদ মির্জা, প্রিন্সিপাল মুহাম্মদ আমিরুজ্জমান, মুহাম্মদ জাফর সাদেক, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. এম. শামছু উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম এবং আনোয়ার সিদ্দিক চৌধুরী।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের ১০৮তম সাধারণ সভা ও ১০৯তম বিশেষ সভার কার্যবিবরণী আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই সঙ্গে ২৬৬তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট বিধি–বিধান অনুসরণ করে প্রয়োজনীয় বিষয়সমূহ অনুমোদন দেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তথ্যপ্রযুক্তি সরঞ্জাম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য একটি সার্ভিস কর্মস্থল ও সংরক্ষণাগার স্থাপনের প্রস্তাব উত্থাপিত হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেয়া হয়। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত ও যুগের চাহিদাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।













