মীরসরাইয়ের বারইয়ারহাটে এক যুবককে ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জোরারগঞ্জ থানার খিলমুরারী গ্রামের আলতাফ হোসেন মানিক (২০) ও নুর আলম (২০) এবং বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের এনামুল হক নিলয় (১৯) পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই সড়কের বারইয়ারহাট অংশে নির্মল ত্রিপুরা নামের এক যুবককে গতিরোধ করেন ওই তিন ব্যক্তি। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা ও একটি কাটার ছোরা জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।













