সিরিজে সমতা ফেরানোর পর ঘোষণা করা হলো চট্টগ্রামে অনুষ্ঠেয় শেষ ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড। চোট কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে পরিবর্তন এই একটিই। তানজিমকে নেওয়া হলেও কাউকে বাদ দেওয়া হয়নি। এক ম্যাচের জন্য তাই ১৬ জনের বহর থাকছে বাংলাদেশ দলের। গত আড়াই মাসে কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি তানজিমকে। সবশেষ খেলেছেন তিনি গত ৫ ফেব্রুয়ারিতে অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে। ২৩ বছর বয়সী পেসার সবশেষ ওয়ানডে খেলেছেন গত অক্টোবরে। টানা ১৭ ম্যাচে ফিফটি না পাওয়া আফিফ হোসেন টিকে গেছেন দলে। সিরিজের প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা হারান তিনি। ১৩ ম্যাচের ফিফটির খরা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ৫০ রানের ইনিংস খেলে ক্র্যাম্প করায় মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডে আছেন তিনিও। প্রথম ম্যাচের টসের ঠিক আগে হাঁটুর ব্যথার কারণে ছিটকে পড়ার পর দ্বিতীয় ম্যাচেও দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। তবে অভিজ্ঞ পেসারকে রাখা হয়েছে স্কোয়াডে। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতলেও পরের ম্যাচে ৬ উইকেটের জয়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচ বৃহস্পতিবার। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান।













