হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল সোমবার ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে তিনি হেফাজত আমিরের সাথে সাক্ষাৎ করেন। আসিফ মাহমুদ মাদ্রাসায় পৌঁছালে ছাত্র ও শিক্ষকরা তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে আসিফ মাহমুদ হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। বৈঠক শেষে হেফাজত আমির আসিফ মাহমুদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সাক্ষাৎ শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, দেশের শীর্ষ আলেমদের দোয়া ও পরামর্শ আমাদের আগামী দিনের পথচলায় পাথেয় হয়ে থাকবে। আমরা একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল আরিফসহ বাবুনগর মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী।














