পানির বোতল ও জুতা চুরি হওয়ায় ক্ষেপাটে এক ‘পাগলী’র বেপরোয়া আক্রমণের শিকার হয়েছে অন্তত দশটি গাড়ি। গতকাল দুপুরে নগরীর লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন মাঝবয়সী এক নারী নগরীর লালখান বাজারের সন্নিকটস্থ পেট্রোল পাম্পের পাশে অবস্থান করে। গতকাল দুপুরে তার জুতা এবং পানির বোতল চুরি হয়ে যায়। এতে ক্ষেপে গিয়ে ওই পাগলী বড় সাইজের একটি পাথর নিয়ে একের পর এক গাড়ি ভাঙতে শুরু করে। রাস্তায় কিছুটা যানজট থাকায় ওই সময় অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন গাড়ি ক্ষেপাটে পাগলীর রোষানলে পড়ে। বেশ কয়েকটি গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে পাশের কাচও। কোন কোন গাড়ির বনেটে পাথর দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। পরবর্তীতে পাগলীকে সরিয়ে নেয়া হয় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।














