কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি যাত্রীবাহী কারে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে গাড়ির যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার সকালে টেকনাফের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া জানান, কারটি টেকনাফের শাপলা চত্বর থেকে ৪ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘটনার সময় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক মো. ফিয়ার আলম আগুন লাগার ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।














